দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মো. নজরুল ইসলাম (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড় হরিপুর চান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিম জানান, দীর্ঘদিন ধরে বড় হরিপুর চান্দিনা গ্রামের নজরুল ইসলামের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের মো. আবুল হক, আব্দুল মান্নান, বাবলু, আজিজার রহমান, কাফি, সাফি ও আবু তাহেরের বিরোধ চলে আসছিল।

এসআই জানান, এর জের ধরে সকালে আবুল হকের লোকজন বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগাতে গেলে নজরুল ইসলামের লোকজন তাতে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলামসহ দু’পক্ষের সাত থেকে আটজন আহত হন।

এসআই আরও জানান, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তার মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদুল আলম জানান, আহতদের স্থানীয় ও রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়নি।

কেএইচ