শ্রমিকদের বকেয়া দুই মাসের বেতন তোবা গ্রুপের কারখানাতেই দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিএমইএ-এর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান কচি।
মঙ্গলবার দুপুর সোয়া ২টায় বিজিএমইএ ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহসভাপতি মো. শহিদুল্লাহ আজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এস এম মান্নান কচি বলেন, ‘আমরা তোবা গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাস দিতে আগে থেকেই কাজ করছি। বুধবার তোবা গ্রুপের কারখানাতেই শ্রমিকদের দুই মাসের বেতন দেওয়া হবে। সেখানে শ্রমিকরা আসবেন বলে আমাদের আশ্বাস দিয়েছে।’
একই সঙ্গে তিনি সব শ্রমিক সংগঠনগুলোকে তোবা গ্রুপের শ্রমিকদের নিয়ে আন্দোলন না করার আহবান জানান।
শহিদুল্লাহ আজিম বলেন, তোবা গ্রুপ নিয়ে অনেকেই রাজনীতি করার চেষ্টা করেছেন। কিন্তু যে শিল্পটির ওপর দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। তোবা গ্রুপে যে চারটি শ্রমিক সংগঠন ছিল সেসব সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেই শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে বিজিএমইএ ভবন ঘেরাও করতে যান শ্রমিকরা। তবে ভবনের মূল ফটকে প্রবেশের সময় তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন পুলিশ।
পরবর্তীতে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





