মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কুল থেকে বাড়ী ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে এক বখাটে। এঘটনায় সালিশ ডেকে ওই বখাটেকে শুধু জুতাপেটা করে ছেড়ে দিয়েছে সালিশদাররা।

স্থানীয়রা জানায়, গত রবিবার বেলা ১১ টার দিকে ওই এলাকার ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী ক্লাস ছুটির পর বাড়ী ফেরার পথে খোলা এলাকায় নির্জন রাস্তায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে একই এলাকার মো: স্বপনের ছেলে সেকান্দার (১৯)।

এসময় ছাত্রীর চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে বখাটে সেকান্দার পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হয়ে গেলে এক পর্যায়ে স্থানীয় প্রতিনিধিদের কাছে বিচারের দাবী করে মেয়েটির পরিবার।

পরে ওই দিন বিকালে তড়িঘড়ি করে তন্তর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়াড়ের সদস্য আ: আলী ও ৫ নং ওয়াড়ের সদস্য বাদল মেম্বারের নেতৃত্বে ওই স্কুল ছাত্রীর বাড়ীতে সালিশ বসে। সালিশের সিদ্ধান্তে অনুযায়ী বখাটে সেকান্দারকে তার বাবা জুতাপেটা করে নিয়ে যান।

আ: আলী মেম্বার ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করলেও সালিশে তার উপস্থিতির বিষয়টি অস্বীকার করেন। তবে মঙ্গলবার দুপুরে শ্রীনগর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই তাজউদ্দিন ওই স্কুল ছাত্রীর বাড়ীতে উপস্থিত হলে স্কুল ছাত্রী ঘটনার সত্যতা স্বীকার করেন এবং উপস্থিত প্রতিবেশীরা দুই মেম্বারের নেতৃত্বে সালিশে জুতাপেটা হয়েছে বলে জানান।

শ্রীনগর থানার এসআই তাজউদ্দিন জানান, ভিকটিম ও বখাটের বাড়ী শ্রীনগর থানায় হলেও ঘটনাস্থল শ্রীনগর থানা এলাকা থেকে ২শ গজ দূরে সিরাজদিখান থানা এলাকার মধ্যে পড়ায় শ্রীনগর থানা পুলিশ আইনী ব্যবস্থা নিতে পারছেনা।

এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবুল কালামের বক্তব্য জানতে চাইলে তিনি জানান বিষয়টি সম্পর্কে আমি কিছু জানিনা সুতরাং আমি কি বক্তব্য দিব।

রাকিব/জেড