পরিস্থিতি বোঝার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
চাঁদপুরে ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শনিবার দুপুরে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ‘যেকোনো নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সাথে আলাপ আলোচনা করে সার্বিক পরিস্থিতি জেনে নিই। সম্ভবত আগামী ১৪ ডিসেম্বর তাদের সাথে নির্বাচন কমিশনের সাথে বৈঠক। তখন পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
তিনি বলেন, ‘আমাদের যে পূর্ব অভিজ্ঞতা আছে তাতে দেখা গেছে নারায়ণগঞ্জে গত নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে ছিলেন তা যথেষ্ট ছিল। তথা বর্তমান নির্বাচনের অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ১৪ তারিখের পর সিদ্ধান্ত নেওয়া হবে।’
শাহনেওয়াজ আরো বলেন, ‘আর জেলা পরিষদ নির্বাচনে আমরা সার্বিক পরিস্থিতি অনুকূলে রেখেছি। নির্বাচনে কোন দল এলো আর কোন দল এলো না এটা তাদের নিজস্ব ব্যাপার। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার নেই। আমাদের কাজ নির্বাচনের জন্যে পরিবেশ পরিস্থিতি ঠিক করে দেওয়া।’
জারিফ





