কবি নির্মলেন্দু গুণের চিকিৎসার সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সব সময় কবির চিকিৎসার খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
কবি নির্মলেন্দু গুণকে দেখতে এসে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মঙ্গলবার বিকালে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, কবি নির্মলেন্দু গুণের কবিতা ও বিভিন্ন সময়ের লেখালেখি বাঙালির চেতনাকে সব সময় শাণিত করেছে। তাঁর কবিতা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল্যবোধকে দৃঢ় ভিত্তি দিতে সাহায্য করেছে।
মন্ত্রী ব্যক্তিগতভাবে কবির লেখার ভক্ত হিসেবে উল্লেখ করে বলেন, এই মহান কবির দ্রুত আরোগ্য আমাদের সকলের কাম্য। তিনি কবির দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
ল্যাবএইড-এর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন কবি নির্মলেন্দু গুণের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী কিছুক্ষণ কথা বলেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের কাছে কবির চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় ল্যাবএইড কর্তৃপক্ষ কবির চিকিৎসার সকল ব্যয়ভার বহন করবে বলে তারা মন্ত্রীকে অবহিত করেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদও কবিকে দেখতে হাসপাতালে যান। তাঁরা দু’জনে কবি ও তাঁর আত্মীয়স্বজনের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করেন।
কেএইচ





