রাজধানীর হাতিরঝিলে ফুটওভার ব্রিজ থেকে লেকের পানিতে পড়ে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। বুধবার রাতে কারওয়ান বাজার বিজিএমইএ ভবন সংলগ্ন হাতিরঝিলের লেকে এ ঘটনা ঘটে।
উদ্ধার কারীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোজাম্মেল হক জানান, রাত সাড়ে ৮টার দিকে ফুটওভার ব্রিজ দিয়ে লেক পার হওয়ার সময় পানিতে পড়ে যান তিনি।
আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজন মনে হলে ঢামেক হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।
এসআই মোজাম্মেল বলেন, মৃত বৃদ্ধের পাঞ্জাবির পকেটে পলিথিনে মোড়ানো খুচরা টাকা-পয়সা পাওয়া গেছে। তবে নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
এআর





