সিরাজগঞ্জের এনায়েতপুরে শাহজাহান আলী হত্যা মামলায় সহোদরসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই মঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরোল হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার রুপসী গ্রামের শাহেদ আলী ভূইয়ার দুই ছেলে মো. বাবু (৩৫) ও ওসমান আলী (৪০) এবং একই গ্রামের আতাব উদ্দিনের ছেলে সামসাদ আলী (৩৮)।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আবদুর রহমান জানান, এনায়েতপুর থানার রুপসী গ্রামে আবদুর রশিদের ছেলে শাহজাহান আলীর সঙ্গে আসামিদের পূর্বশক্রতা ছিল। এর জের ধরে ২০১০ সালের ২ ফেব্রুয়ারি রাত ৮টায় শাহজাহান আলীকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় আসামিরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।
এঘটনায় নিহতের ছোট ভাই শাহ-আলম ভূইয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এমই





