আগামী তিন বছরে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশের ১৫০০ এর বেশি বিসিএস কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।
বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা।
বাংলাদেশের জনপ্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ইসমত আরা সাদিকের সঙ্গে বৈঠকের পর জিতেন্দ্র একথা বলেন।
জিতেন্দ্র উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং বলেন যে বাংলাদেশের বিসিএস অফিসারদের প্রশিক্ষণের মাধ্যমে ভারত 'বিশাল অবদান' রাখছে।
জিতেন্দ্র জানান, ভারতের লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন একাডেমিতে ইতোমধ্যেই বাংলাদেশের ৫০০ বিসিএস অফিসার এবং ৪০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে ভারত।
জিতেন্দ্র আরো জানান, বাংলাদেশের ৩৫ জন বিজ্ঞানী বেসামরিক পরমাণু খাত নিয়ে ভারতে একটি কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন।
তিনি জানান, বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের, যেমন শুল্ক, রেলওয়ে, নির্বাচন কমিশন এবং ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ দিতে আগ্রহী ভারত।
প্রতিমন্ত্রী ইসমত আরা ভারতের 'উদার ও সীমাহীন সহায়তার' জন্য ধন্যবাদ জানান।
তিনি জানান, লাল বাহাদুর একাডেমি তিনি পরিদর্শন করেছেন এবং বাংলাদেশি কর্মকর্তারা সেখানে প্রশিক্ষণ নিয়ে উন্নতি করছেন দেখতে পেরে আনন্দিত বোধ করছেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে ভারতে নিযুক্ত বাংলাদেশেল হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন।
কেএইচ





