পারিবারিক ও সব ধরনের সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কর হার ৫ শতাংশ ধরা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ।
অর্থমন্ত্রী জানান, শিগগিরই এ ব্যাপারে এনবিআর প্রজ্ঞাপন জারি করবে। চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় মন্ত্রী সব ধরনের সঞ্চয়পত্রের উৎসে কর ১০ শতাংশ কাটা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু এটি কার্যকরের ২৯ দিনের মাথায় সংশোধন করা হলো।
সঞ্চয়পত্রের উৎসে কর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। আজকের সংবাদ সম্মেলনে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী জানান, গবীর বিনিয়োগকারীদের সুবিধার কথা বিবেচনা করে উৎসে কর কমিয়ে আনা হয়েছে। তিনি বলেন, পারিবারিক, পেনশনারসহ সব ধরণের বিনিয়োগে সঞ্চয়পত্রের ট্যাক্স হবে ৫ শতাংশ। অর্থাৎ যারা ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয় রাখবেন তাদের ৫ শতাংশ করে ট্যাক্স দিতে হবে। তবে ৫ লাখের বেশি যাদের সঞ্চয়পত্র থাকবে তারা ১০ শতাংশ হারে কর দেবেন।
মুস্তফা কামাল বলেন, প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ২ শতাংশ প্রণোদনা দেওয়ার ব্যাপারে সরকার এখনো প্রস্তুতি শেষ করতে পারেনি। তবে ১ জুলাই থেকে প্রবাসীরা যাঁরা টাকা পাঠাচ্ছেন, তাঁদের ২ শতাংশ হারে অর্থ সহায়তা দিয়ে দেওয়া হবে।
এএস





