খাবার খেয়ে একই পরিবারের ১০ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, খাবারের বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়েছেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরপোঁয়া গ্রামের গাজীবাড়ি এলাকায় রাসেল হোসেনের বাড়িতে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জেলা সদর হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসেন জানান, রাত ১০টার দিকে ওই দশজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে তার হাসপাতালে আনা হয়।

'খাবারে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্যালাইন দেওয়া হয়েছে। অবস্থার উন্নতি না হলে ঢাকায় পাঠাতে হবে।

গৃহকর্তা রাসেল হোসেন জানান, তার বৃদ্ধা মা অসুস্থ। অনেকেই দেখতে আসেন। মঙ্গলবার তার বোন ও তাদের সন্তানরাও বেড়াতে এসেছিলেন। তাই দুপুরে ‘একটু বেশি’ খাবারের আয়োজন করা হয়।

তিনি আরো জানান, দুপুরে খাবারের তালিকায় ছিল ভাত, মুরগির মাংসের সঙ্গে শসা, ডাল ও দই।

খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বাড়ির লোকজন বমি করতে শুরু করে। পরে সন্ধ্যার দিকে তাদের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানান রাসেল।

এআর