কক্সবাজারের টেকনাফে ৪৬ কোটি ৮২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় টেকনাজ ৪২ বিজিবি দপ্তরের এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান, টেকনাফ উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহমদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান, টেকনাফ কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কর্মকর্তা সুদীপ্ত শেখর দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

৪২ বিজিবি জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে বিভিন্ন সময় পাচারকালে ৪৬ কোটি ৮২ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদব্যের মধ্যে রয়েছে ১৫ লাখ ২৩ হাজার ৮৬২ পিস ইয়াবা, গাঁজা ৩৮ কেজি, ফেনসিডিল ১৭৩ বোতল, চোলাই মদ ৮৩১ লিটার, আন্দামান গোল্ড বিয়ার ১৮ হাজার ৩৭৩ ক্যান, ডায়াবল বিয়ার ৮৯৮ ক্যান, মিয়ানমার ৩১৩ ক্যান, ম্যান্ডেলা রাম মদ ৭৩৪ বোতল, কান্ট্রি ড্রাইজিন মদ ১ হাজার ৮৬৪ বোতল, মিয়ানমার মদ ৪২৪ বোতল, গোল্ডেন কান্ট্রি ড্রাইজিন মদ ২৪ বোতল, হিরো হুইস্কি মদ ১ বোতল, গ্রান্ড হুইস্কি মদ ৬১ বোতল, জন্সস হুইস্কি মদ ৯৬ বোতল, গ্লান মাস্টার মদ ৫২৬ বোতল, চেইঞ্জ বিয়ার ২০১ ক্যান ও হেইন কিন বিয়ার ১৮১ ক্যান।

পরে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন সময় উদ্ধার হওয়া এ সব মাদকদ্রব্য উপস্থিত অতিথিদের সামনে ধ্বংস করে ফেলা হয়।

কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বলেন, সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। তারমধ্যেও পাচারকারীরা মাদকদ্রব্য পাচারে থেমে নেই। এরপরও বিজিবি সীমান্তে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ছাড়া সীমান্তে মাদকদ্রব্য পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন তিনি।

জেআই