প্রতিবছরের মতো এবারও উপমহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার অনুষ্ঠিত হবে ১৮৭তম ঈদুল আযহার জামাত।

এরইমধ্যে ঈদের জামাতের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। ঈদের জামাত শুরু হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

ঈদ জামাতে অংশ নিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আর মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য এবারও থাকছে শোলাকিয়া স্পেশাল নামের দুটি ট্রেন। এরই মধ্যে মাঠের সংস্কার কাজ শেষ হয়েছে। মাটের দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করাসহ সব কাজই শেষ।

গত বছর শোলাকিয়ায় সাড়ে ৩ লক্ষাধিক মুসল্লির সমাগম হয়েছিল। আর লাখো মুসল্লিদের সাথে নামাজ আদায় করলে দোয়া কবুল হয়, সেই আশায় এবারও শোলাকিয়া মাঠে দেশ-বিদেশের লাখো মানুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। তবে, এ ঈদে পশু কোরবানির বিষয়টি থাকায় গত ঈদুল ফিতরের তুলনায় মুসল্লির সংখ্যা অনেক কম হবে বলে ধারণা করেছেন আয়োজকরা।

ঈদের জামাত নির্বিঘ্ন আদায় করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মাঠের বিভিন্ন প্রবেশ পথে থাকছে ক্লোজসার্কিট ক্যামেরা (সিসি)। মাঠের প্রতিটি প্রবেশ পথে থাকবে র্যা ব-পুলিশের নিরাপত্তা চৌকি। নামাজ শুরুর আগে পুরো মাঠ তল্লাশী করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে। এরই মধ্যে মাঠের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে পুলিশ প্রশাসন।

ঈদ জামাতের জন্য শোলাকিয়া মাঠ পুরোপুরি প্রস্তুত জানিয়ে জেলা প্রশাসক ও মাঠ পরিচালনা কমিটির সভাপতি এস.এম আলম বলেন, মুসল্লিরা যেন নিরাপদে নামাজ আদায় করতে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের জামাতে নামাজ আদায় করতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশবাসীকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, আশা করা হচ্ছে এবারও লাখো ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে এ মাঠে।

এমএইচ