চাঁদপুরে বিদেশফেরত ৬৪৮ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার পরামর্শ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।

শুক্রবার (১৩ মার্চ) চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা বিভিন্ন ইউনিয়নের পুলিশ, চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। প্রাপ্ত তথ্য মতে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে ফিরেছেন ৬৪৮ জন। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

জেলা প্রশাসক বলেন, যারা দেশের বাইরে থেকে আসছেন তাদের বলা হয়েছে প্রত্যেকে কমপক্ষে ১৪ দিন বাড়িতে থাকতে। বিদেশ ফেরতদের বেশিরভাগই এসেছেন সৌদি আরব, দুবাই, লেবানন, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও ইতালি থেকে। বেশ কয়েকজন এসেছেন লিবিয়া, স্পেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকা থেকে। তালিকায় আরও নাম যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ বলেন, “আমাদের পরিসংখ্যানের হিসাবে ৮০ জনের তথ্য পেয়েছি। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসনের কাছে আরও বিপুল সংখ্যক বিদেশ ফেরত লোকজনের তথ্য আছে।”

এমবি