সাভারের বিরুলিয়া ইউনিয়ন পর্যায়ের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরো একজন।
নিহত জাহাঙ্গীর শিকদার (২৫) বিরুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি দত্তপাড়া এলাকার সইমুদ্দিন শিকদারের ছেলে।
এ সময় আহত ওয়ার্ড যুবলীগের সভাপতি আখতার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনকে (২৭) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া লেকপাড় এলাকায় দুর্বৃত্তরা তিনজনকে কুপিয়ে আহত করে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ আরো জানান, এ ঘটনায় দত্তপাড়া এলাকার বাসিন্দা মোশারফ করিম অপুসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামি ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ইন্টারনেট ব্যবসা করে আসছিলেন ওয়ার্ড যুবলীগের সভাপতি আখতার হোসেন। সম্প্রতি মোশারফ করিম অপু আখতার হোসেনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু আখতার সেই টাকা দিতে অস্বীকার করেন।
এর জের ধরে গতকাল রাতে দত্তপাড়া লেকপাড় এলাকায় ওয়ার্ড যুবলীগের সভাপতি আখতার হোসেনের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁর চিৎকারে ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁদের অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জাহাঙ্গীর সকালে মারা যান। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সূত্র: এনটিভি
জেড





