গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাওনাদারের শিশুকন্যাকে কুপিয়ে হত্যা করেছেন আলম বাদশা (৩৫) নামে এক ব্যক্তি।নিহত মনিকা (৭) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতিবান্দা গ্রামের লাল মিয়ার মেয়ে। ঘাতক আলম বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় তাকে কুপিয়ে জখম করা হয়। এ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায় মনিকা।স্থানীয়রা জানান, অনেক দিন আগে লাল মিয়ার কাছ থেকে প্রতিবেশী আলম বাদশা দুই হাজার টাকা ধার নিয়ে আর ফেরত দেননি। এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ চলছিল।
মঙ্গলবার সন্ধ্যায় মেয়েকে সঙ্গে নিয়ে আলম বাদশার কাছে পাওনা টাকা চাইতে যান লাল মিয়া। এসময় দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মনিকাকে ছুরিকাঘাত করেন আলম বাদশা। এ অবস্থায় মনিকাকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় তার।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মনিকার বাবা বাদী হয়ে আলম বাদশাসহ দু’জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আলম বাদশাকে গ্রেফতার করা হয়েছে। আর অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএ





