চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর থেকে ফের অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১২ যাত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে সিরাজগঞ্জ, যশোর, ঝিনাইদহ, বগুড়া ও চট্টগ্রামের সাতকানিয়ার লোকজন রয়েছেন।
এর আগে শনিবার রাত পৌনে ১০টার দিকে নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় অবৈধভাবে ৯ মালয়েশিয়াযাত্রী আটক করে পুলিশ। তারা সবাই মাগুরা জেলার বাসিন্দা। তাদের সবাইকে রাতে মালয়েশিয়া নেয়ার লক্ষে এলাকার বাস্তুহারা কলোনিতে জড়ো করা হয়েছিল।
সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. কবির হোসেন জানান, রাতে স্থানীয় লোকজন একটি বাড়িতে লোক জড়ো হওয়ার সংবাদ দেয়। পরে গভীর রাতে অভিযান চালিয়ে উত্তর সলিমপুর নতুন দাইয়াবাড়ির একটি ভাড়া বাসা থেকে ১২ জনকে আটক করা হয়।
মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে দালাল চক্রের সদস্যরা দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের নিয়ে এসে এখানে জড়ো করে। সেখান থেকে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর কথা ছিল।
দালাল চক্রের কাউকে পাওয়া না গেলেও বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে। সে ২ বছর ধরে ওই বাড়িতে কেয়ারটেকারের কাজ করত। তবে দালাল চক্রের লোকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





