রাজধানীর ভাসানটেকে বিষপানে ইকবাল হোসেন (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার রাতে পশ্চিম ভাসানটেক এক নম্বর বাস্তুহারা বস্তির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল ওই বস্তির বাসিন্দা অহিদ মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মেঘনায়।

অহিদ মিয়া এ বিষয় জানান, ইকবাল হোসেন সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন। কিন্তু গত দুই মাস ধরে বিদেশ যাবেন বলে তিনি কিছুই করছিলেন না।

তিনি বলেন, নিম্নবিত্ত পরিবার হওয়ায় বিদেশ যাওয়ার টাকা পয়সা দিতে পারিনি। তাই অভিমান করে আজ (সোমবার) রাতে আমাদের অগোচরে ঘরে রাখা কীটনাশক খেয়ে ফেলে।

বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই