ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেছেন, ইউপি নির্বাচনে যা ঘটছে তা গণতন্ত্র বিকাশের জন্য সহায়ক নয়। ইউপি নির্বাচনে যেখানে প্রতি ইউনিয়নে গড়ে সাত আটজন জন প্রার্থী থাকে, সেখানে এবার অনেক ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এটা নজিরবিহীন ঘটনা।
শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বনানীতে নিজ কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এবারই প্রথম দলীয় প্রতীকে ইউপি নির্বাচনে ভোটে লড়ছেন প্রার্থীরা। গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপিতে নির্বাচন হয়েছে। এতে মাত্র চারটি ইউপিতে জয় পেয়েছে জাপা। প্রথম ধাপের নির্বাচনে দলটির প্রাপ্ত ভোটের হার শূন্য দশকি ৫০ শতাংশেরও কম।
ভোটের দিন থেকেই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করে আসছে জাপা। এবার অভিযোগ করলেন এরশাদ। সাবেক এ সামরিক শাসক বলেন, দেশে গণতন্ত্র শুধু নামে আছে, বাস্তবে নেই। আমরা চেয়েছিলাম স্বাধীন দেশে জীবনের নিরাপত্তা, দুর্নীতিমুক্ত সমাজ, কর্মসংস্থান। কিন্তু বাংলাদেশে এখন হত্যা, খুন, গুম, ধর্ষণ নিত্যদিনের ঘটনা।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ দাবি করেন, জাপা জাতীয়তাবাদী শক্তির ধারক বাহক। স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে জাতীয়তাবাদী সকল শক্তিকে জাপার পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোটের প্রতি ইঙ্গিত করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতাবিরোধীদের সাথে প্রকৃত জাতীয়তাবাদীদের ঐক্য হতে পারে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর (উত্তর) জাপার সভাপতি ফয়সল চিশতী। বক্তৃতা করেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, যুগ্ম মহাসচিব নূরুল ইমসলাম নূরু প্রমুখ।
ওএফ





