কলকাতার সাথে ঢাকার সম্পর্ক দীর্ঘ দিনের। সেই সম্পর্ককে আরও মজবুত করতে ঢাকা যেমন বরাবর সচেষ্ট ছিল, তেমনি কলকাতার পক্ষ থেকেও সাড়া মিলেছে বার বার।

রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে তো বটেই, সাংস্কৃতিক দিক থেকেও দু’দেশের মধ্যে সম্পর্ক বেশ ভাল। তার প্রমাণ মিলেছে বহুবার।

মঙ্গলবারও তার আরও একটা প্রমাণ পাওয়া গেল। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন-এর মেয়র আনিসুল হক কলকাতায় যান মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। তাঁর সাথে ছিল ৬ জনের একটি দল। আনিসুল হক শোভনের সাথে প্রায় ২৫ মিনিট ধরে একান্তে আলোচনা করেন।

আলোচনার মূল বিষয়বস্তু ছিল কলকাতার ট্রাফিক, জঞ্জাল অপসারণ এবং স্বাস্থ্য পরিষেবা। এ সব কাজে এই শহরের দক্ষতার ভূয়সী প্রশংসা করেন আনিসুল হক। মেয়র পারিষদদের নিয়ে কলকাতা পেৌরসভার বিভিন্ন দফতর ঘুরেও দেখেন তিনি।

মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “ঢাকার মেয়র কলকাতায় এসেছেন। তাঁকে নেতাজির চেয়ার, টেবিল এবং পৌরসভার প্রদর্শশালা ঘুরিয়ে দেখিয়েছি। ওঁরাও কিছু এখান থেকে নিয়ে ঢাকা শহরে কাজে লাগানোর চেষ্টা করবে। আমরাও ঢাকার ঐতিহ্য-সংস্কৃতি কিছু নেওয়ার চেষ্টা করব।” 

এমএ