চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি।পুলিশের এই এলিট ফোর্সের দাবি, নিহতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।

সোমবার দিনগত গভীর রাতে উপজেলার ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসানের ভাষ্য, ছোট কুমিরা এলাকায় র‍্যাবের সদস্যরা টহল দিচ্ছিলেন।

এ সময় টহল দলের সঙ্গে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যদের গোলাগুলি হয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অস্ত্র, ১২টি গুলি ও বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব।

লাশ তিনটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএস