রাজধানীর জাতীয় সংসদ এলাকায় ট্রাকের ধাক্কায় ফাতু মিয়া (৫০) নামের এক কলা বিক্রেতা নিহত হয়েছেন।
আজ (০৮ এপ্রিল) সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন।
নিহত ফাতু মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে মোহাম্মদপুরের ৬ নম্বর রোড এলাকায় থাকতেন।
নিহতের ছেলে রনি মিয়া গণমাধ্যমকে বলেন, ভোরে তাঁর বাবা কলা কেনার জন্য কারওয়ান বাজারে গিয়েছিলেন। কলা নিয়ে তিনি ভ্যানরিকশায় করে বিজয় সরণি হয়ে মোহাম্মদপুরের দিকে ফিরছিলেন।
বিজয় সরণির প্লেন ক্রসিংয়ের কাছে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান রনি মিয়া।
পুলিশ জানিয়েছে, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
এমবি





