নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে মানববন্ধন থেকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। ওই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ভাঙচুর করে। এতে ট্রেনের চালক আহত হন।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়পুরা উপজেলা সদরে অবস্থিত সেরাজনগর এমএ পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। সম্প্রতি উপজেলার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে—এমন সংবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে আজ বুধবার সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়ক ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। ওই সময় শিক্ষার্থীরা ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ভাঙচুর করে। এতে ট্রেনের চালক হেমায়েত হোসেন আহত হন।
এ সময় পাশের খানাবাড়ী রেলস্টেশনে তিতাস কমিউটার এবং শ্রীনিধি রেলস্টেশনে সিলেট মেইল ট্রেন আটকা পড়ে। এতে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। খবর পেয়ে পুলিশ এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এএইচ





