ভোলার তজুমদ্দিনে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনায় থানায় মামলাও দায়ের হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, তজুমদ্দিন উপজেলার কোড়াল মারা গ্রামের ওই কিশোরীর সঙ্গে মাওলানা কান্দি গ্রামের মাওলানা মো. ছাদেকের ছেলে মো. শামীমের ছয় মাস আগে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

একপর্যায়ে শামীম ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভোলা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। সম্প্রতি ওই কিশোরী শামীমকে বিয়ের জন্য চাপ দেয়। শামীম বিয়ে করতে অস্বীকার করলে ওই কিশোরী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

তজুমদ্দিন থানায় ২৯ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ০৮।

মামলার পরিপ্রেক্ষিতে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। শামীমকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. নিত্তনন্দ্র চৌধুরী জানান, কিশোরীর দেহে একই ব্যক্তি দ্বারা ধর্ষণের আলামত পাওয়া গেছে।

কেএইচ