ফেলানী হত্যা মামলার পুন:বিচারে সাক্ষ্য দিতে আজ সোমবার ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে হাজির হয়েছেন তার বাবা নুর ইসলাম।

আইনি সহয়তা দিতে তার সঙ্গে আছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন ও ৪৫ বিজিবি ভারপ্রাপ্ত পরিচালক মেজর হেমায়েতুল ইসলাম।

এর আগে রোববার সকাল ১১টায় কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে লালমনিরহাটের বুড়িমারী চেকপোস্ট হয়ে ভারতে প্রবেশ করে তিন সদস্যের এই প্রতিনিধি দলটি।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারায় কিশোরী ফেলানী।

এ হত্যাকাণ্ডে দেশ-বিদেশের গণমাধ্যমসহ মনবাধিকার কর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠলে ২০১৩ সালের ১৩ আগস্ট বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার কাজ শুরু হয়।

কিন্তু ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। পরে বিজিবি-বিএসএফের দ্বি-পাক্ষিক বৈঠকে ফেলানী হত্যার পুনর্বিচারের সিদ্ধান্তে এ বছরের ২২ সেপ্টেম্বর পুনর্বিচার শুরু করে বিএসএফ।

এআর