জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সচিবালয়ে আসবেন।
সোমবার দুপুরে তিনি অফিস করবেন।
জনপ্রশাসন মন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দীর্ঘদিন এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সময়ে কয়েকদিন অফিস করেছিলেন তিনি।
গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পান দফতরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফ। সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জনপ্রশাসন করার পর সৈয়দ আশরাফই এই দপ্তরের প্রথম পূর্ণ মন্ত্রী। এই মন্ত্রণালয়ে বর্তমানে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেগম ইসমাত আরা সাদেক।
এর আগে গত ৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সৈয়দ আশরাফকে অব্যাহতি দিয়ে দফতরবিহীন মন্ত্রী করা হয়।
প্রসঙ্গত, ওয়ান-ইলেভেনের পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল কারাবন্দি হলে দল গভীর সংকটের মুখে পড়ে।
এ সময় সৈয়দ আশরাফ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে কাণ্ডারীর ভূমিকা পালন করে নেত্রী ও দলকে বিপদমুক্ত করেন।
পরবর্তীতে নির্বাচনের পর ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হন সৈয়দ আশরাফ।
২০১৪ সালে নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার উপর্যুপরি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করলে আশরাফ ফের একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।
এসএইচ





