রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিশু ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হযরত আলীর ছেলে হানিফ প্রথম শ্রেণিতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণ করে। গ্রেফতারকৃত দুজন হানিফের সহযোগী।

 

গ্রেফতারকৃত হানিফের সহযোগীদের একজন উপজেলার লস্করহাটি এলাকার মৃত ইলিয়াস আহমেদের ছেলে মোফায়েল আহমেদ (৫২) অন্যজন, একই এলাকার মৃত ইমরান আলীর ছেলে শাজাহান আলী (৪২)। আজ রোববার বেলা ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, গত ২৩ নভেম্বর উপজেলার লস্করহাটি গ্রামের হযরত আলীর ছেলে হানিফ শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুসহ তার মাকে বাড়িতে তালাবদ্ধ করে রাখে হানিফ ও তার সহযোগীরা।

গত ২৭ নভেম্বর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবা সুলতানা পুলিশের সহায়তায় তালা ভেঙে শিশুসহ মাকে উদ্ধার করেন। শিশুটি বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিতসাধীন আছেন। আকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)'তে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় শিশুটির পিতা হানিফসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা শিশুসহ তার মাকে উদ্ধারে বাধা দিয়েছিল। মামলার মূল আসামি হানিফকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

এমকে