প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেধা বিকাশের সুযোগ পেলে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে অবদান রাখতে সক্ষম হবে।

বুধবার (০৬ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউজিসির উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পরপরই নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন তিনি। এর ধারাবাহিকতায় শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে আমাদের সরকার।

‘শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। মেধা বিকাশের সুযোগ করে দিতে পারলে আমাদের ছেলে-মেয়েরা শুধু দেশেই নয়, বিদেশেও অবদান রাখতে সক্ষম হবে।’

বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের অনীহার কথা উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের অনীহা রয়েছে। সাহিত্য ও বিজ্ঞানে প্রতি আগ্রহ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

অনুষ্ঠানে নারী শিক্ষায় অগ্রগতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এমকে