মাঠপর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন এক নির্দেশনায় সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস কক্ষে অবস্থানের নির্দেশনা দিয়েছে সরকার।
সরকারি কাজের গতি বাড়াতে এবং সাধারণ নাগরিকের ক্ষতি এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত পরিপত্রে মঙ্গলবার (২৭ আগস্ট) এ নির্দেশনা দেওয়া হয়েছে। ২০০৩ সালের ২৩ জুন এ সংক্রান্ত একটি পরিপত্রও জারি করা হয়েছিল।
নির্দেশনায় বলা হয়, অফিসে আগমনকালে পথিমধ্যে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে কতিপয় কর্মকর্তা-কর্মচারী সঠিক সময়ে অফিসে উপস্থিত হন না মর্মে সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে।
ফলশ্রুতিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণের সঙ্গে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিকগণ যেমন ক্ষতিগ্রস্ত হন তেমনি সরকারি কাজের গতি ও শ্লথ হয়।
‘এমতাবস্থায়, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ জনস্বার্থে সকাল ৯টায় সরকারি অফিসে আসবেন এবং আবশ্যকীয়ভাবে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করবেন।’
এএস





