নড়াইলে সোনালী ব্যাংক কর্পোরেট শাখা পাসপোর্টের টাকা জমা না নেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পাসপোর্ট প্রত্যাশীরা।
সোমবার (২৭জুন) বেলা সোয়া ১ টার দিকে পাসপোর্ট প্রত্যাশী একদল লোক নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে গিয়ে অভিযোগ করে জানান, সকাল থেকে বেলা ১টা পর্যন্ত তারা লাইনে দাঁড়িয়ে থাকলেও তাদের কারো নিকট হতে কোন টাকা জমা নেয়া হয়নি। অন্য কাজের ব্যস্ততার কথা বলে ফিরিয়ে দেয়া হয়েছে।
পাসপোর্ট এর ফিস জমা দিতে না পারায় তারা পাসপোর্টের পূরণ করা আবেদন ফরম নিয়ে বাড়ি ফিরে যান। অভিযোগ রয়েছে, রবিবার (২৬জুন) বেলা ১২ টার পর পাসপোর্টের কোন টাকা জমা নেয়া হয়নি।
এছাড়াও অন্যান্য দিনেও পাসপোর্টের আবেদন ফিস এর টাকা জমা দিতে গেলে নানাভাবে হয়রানী করা হয়।
সোনালী ব্যাংক কর্পোরেট শাখার ব্যবস্থাপক শহীদুল আলম জানান, কাজের চাপ থাকায় পাসপোর্টের ফিস জমা নেয়া হয়নি। কেউ থাকলে পাঠিয়ে দেন এখন জমা নেয়া হবে।
এমআইএস





