নারায়ণগঞ্জে দুই জঙ্গিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন জেলা বিশেষ ট্রাইব্যুনাল আদালত।একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুন নাহার আসামিদের উপস্থিতিতে এ দণ্ড ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দরের ফরাজিকান্দা এলাকার মৃত. কামালউদ্দিনের ছেলে জেএমবির সদস্য সাইফুল ইসলাম (২০) ও একই এলাকার হোসেনের ছেলে মাহাবুব (২২)।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০৭ সালের ৭ জানুয়ারি টাঙ্গাইল থেকে সাইফুল ইসলামকে বিস্ফোরকসহ গ্রেফতার করে র্যাবের একটি টিম।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওইদিন রাতেই নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে মাহাবুবকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডেটোনেটর, ২২টি লোহার হ্যান্ড গ্রেনেড, ৮৬ পৃষ্ঠার জিহাদী বইসহ বিস্ফোরক সরঞ্জামাদি।
ওই ঘটনায় আদমজীনগর র্যাব-১১ এর ডিএডি আবদুস সালাম বাদী হয়ে বন্দর থানায় বিস্ফোরক আইনে এই মামলাটি করেন।
এমবি





