রাজধানীর শাহবাগে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

জানা গেছে, শাহবাগ এলাকার হোটেল উত্তরবঙ্গ’র ৬০৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্ট্রি খাতায় ওই নারীর নাম লেখা হয়েছে তাহমিনা আক্তার সাথী (৩০)। তার সঙ্গে স্বামী পরিচয়দানকারী হিসেবে নাম লেখা আছে ওসমান। তারা উভয়ে চাঁদপুর থেকে এসেছেন বলে খাতার উল্লেখ করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গত সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টায় তারা উভয়েই স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল কক্ষে ওঠেন। পরে আজ (মঙ্গলবার) সকাল ৮টায় ওই নারীর স্বামী পরিচয়দানকারী ওসমান হোটেলে দায়িত্বরত কর্মচারীকে ৫০ টাকা দিয়ে খাবার আনতে বলে হোটেল থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর হোটেলে ফিরে আসেননি। পরে হোটেলের লোকজন ৬০৫ নম্বর কক্ষটি কয়েকবার নক করেন। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে শাহবাগ থানা পুলিশকে জানানো হয়।

এই ঘটনায় স্বামী পরিচয়দানকারী ওসামানকে খোঁজা হচ্ছে। তাকে খুঁজে পাওয়া গেলেই হয়তো পুরো ঘটনার কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই সদস্য।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ