রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে দেবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার ডিএনসিসি মার্কেটের মালিক ও ব্যবসায়ী সমিতির ১৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে মেয়র এ আশ্বাস দিয়েছেন। মার্কেটের একাধিক ব্যবসায়ী সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলশান ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি তালাল রিজভি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আমাদের ডেকেছিলেন। তিনি (মেয়র) ব্যক্তিগতভাবে নিজেও একজন ব্যবসায়ী। আমাদের ব্যথা বেদনা তিনি বুঝবেন এই আশাতেই একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার পৌনে তিনটার দিকে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।
তিনি বলেন, মেয়র আন্তরিকভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদের ক্ষতির পরিমাণ জানতে চান। কার জন্য কি করলে ক্ষতি কিছুটা হলেও লাঘব হবে তাও মনোযোগ দিয়ে শোনেন। এরপর আবারও ব্যবসা শুরুর জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
তালাল রিজভি জানান, অগ্নিকাণ্ডের কারণে মার্কেটের যেসব স্থান সংস্কার ও রং করা দরকার তা তিনি (আনিসুল হক) করে দিতে চেয়েছেন। এছাড়া ব্যবসার জন্য ঋণ কিংবা অর্থের যোগান দেয়ার কথাও জানিয়েছেন মেয়র। তবুও যেন ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে উঠতে পারেন।
মার্কেটের সভাপতি আরও বলেন, আমরা বলেছি অগ্নিকাণ্ডের সময় আপনি এসেছিলেন। এবার আপনি অগ্নিনির্বাপণের পরের চিত্রটি দেখে যান। এমন কথায় তিনি আমাদের সঙ্গেই মার্কেটে এসেছেন। নিজে পরিদর্শন করছেন।
এমএনজে





