নগরীর চার থানার ওসিসহ সাত পরিদর্শক পদে রদবদল করেছেন নগর পুলিশ কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ কমিশনার এ রদবদলের আদেশে স্বাক্ষর করেছেন।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন।

যে চার থানার ওসি পদে রদবদল হয়েছে সেগুলো হল বায়েজিদ বোস্তামি, সদরঘাট, খুলশি এবং হালিশহর।

এর মধ্যে বায়েজিদ বোস্তামি থানার ওসি পদে ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশকে বদলি করা হয়েছে। বায়েজিদ বোস্তামি থানার ওসি বাবুল চন্দ্র বণিককে নগর গোয়েন্দা পুলিশে বদলি করা হয়েছে।

সদরঘাট থানার ওসি আবুল কালাম আজাদকে নগর গোয়েন্দা পুলিশে এনে সেখানে বসানো হয়েছে মইনুল ইসলাম ভূঁইয়াকে।

সিটি করপোরেশন নির্বাচনে বিতর্কিত ভূমিকা পালনকারী মইনুল ইসলাম ভূঁইয়াকে নির্বাচন কমিশনের নির্দেশে খুলশি থানা থেকে বদলি করে ডিবিতে নেয়া হয়েছিল।

মইনুল ইসলাম ভূঁইয়াকে বদলির পর থেকে খুলশি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তী ওসি’র দায়িত্ব পালন করেছিলেন। খুলশিতে ওসি পদে বসানো হয়েছে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নেজাম উদ্দিনকে। সুকান্ত চক্রবর্তী আগের নিয়মে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।

হালিশহর থানার ওসি আবু জাফর মোহাম্মদ শাহজাহান কবিরকে নগর গোয়েন্দা পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নগর গোয়েন্দা ‍পুলিশের পরিদর্শক আহসান উদ্দিন।

এএইচ