রংপুরের মিঠাপুকুরে আলুর বস্তা বোঝাই ট্রাক খাদে পড়ে হাসান আলী (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। হাসান উপজেলার খোর্দ্দ মহদীপুর গ্রামের রমজান আলীর ছেলে।
এ ঘটনায় আরও পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাফ্রিখাল ইউনিয়নের মালতলা মাদারেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আলুর বস্তা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৯৫২৪) রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। ট্রাকটি মালতলা মাদারেরহাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় ট্রাকের উপরে থাকা শ্রমিক হাসান আলী আলুর বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও পাঁচজন শ্রমিক। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বকুল মিয়া নামে একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করেছে।
এমআর





