চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ডিসি রোড এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. হানিফ (৩৬) নামে এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

ডিসি রোড এলাকা থেকে মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

হানিফ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর এলাকার চাঁন মিয়ার ছেলে। তিনি চকবাজার ডিসি রোডের কালাম কলোনিতে স্বপরিবারে ভাড়া বাসায় থাকতেন।

শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডিসি রোডের কালাম কলোনিতে সোমবার দুপুরের দিকে শিশুটিকে আঙ্গুর দেয়ার কথা বলে হানিফ বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে। পরে হানিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।

চকবাজার থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ