রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা দুই সাঁওতালকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন। এরা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া গ্রামের জোঙ্গা সরেনের ছেলে চরন সরেন (৫০) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কুচারপাড়া গ্রামের শাকিলা কিসকুর ছেলে বিমল কিসকু (৪৫)।
এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে থেকে তাদের গ্রেফতার করে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ নভেম্বর সরকারি কাজে বাঁধা দান ও পুলিশকে তীরবিদ্ধ করার অভিযোগে থানায় মামলা হয়। এতে ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাড়ে তিনশ জনকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে চরন ও বিমলকে আদালতে হাজির করা হয়।
রংপুর চিনিকলের আওতাধীন গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় আখ কাটাকে কেন্দ্র করে সহিংস ঘটনায় চরন সরেন, বিমল কিসকু ও দ্বীজেন টুডু গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের আটক করে পুলিশ। তাদের কোমরে রশি দিয়ে হাসপাতালের বেডের সঙ্গে বেঁধে রেখে এবং হাতকড়া পরিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এদের মধ্যে দ্বীজেন টুডুকে হাতকড়া ও কোমরে রশি লাগানো অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পরে হাইকোর্টের নির্দেশে তাদের হাতকড়া খুলে দেওয়া হয়।
জারিফ





