ঝালকাঠি জেলার সদর উপজেলায় নবগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে মহাসিন হাওলাদার (৩০) নামে এক ভাড়ায়চালিত মোটরসাইকেল চালককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে বাড়ি পাশের একটি মাঠের মধ্য থেকে মহাসিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মহাসিন দড়িয়াপুর গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয় মহাসিন। অনেক রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে।

পরে সকালে পাশের একটি মাঠের মধ্যে মহাসিনের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মহাসিনের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে গভীর রাতের যে কোনো সময় মহাসিনকে কুপিয়ে হত্যা করা হয়।

ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম বলেন, মৃতদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমই