ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা লেনদেন নিয়ে দুইদল গ্রামবাসী মহাসড়কে কয়েক ঘণ্টা অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এ ঘটনায় ঢাকা-সিলেট ও চট্রগ্রাম-সিলেট মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১১টায় ভ্যান গাড়ির ভাড়াকে কেন্দ্র করে কুট্টাপাড়া-মালিহাতা গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

এতে বিশ্বরোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মহাসড়কে চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপককুমার সাহা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাত রাউন্ড রাবার বুলেট, দুই রাউন্ড বুলেট ও এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে।

এমএনজে