চট্টগ্রামে বাসচাপায় আনুমানিক ৩০ বছর বয়সের এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। একই দুর্ঘটনায় শাহাদাৎ হোসেন মিলন (২৫) নামে এক রিক্সাচালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার বিকাল ৫টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার ট্যানারি বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, হাটহাজারী থেকে নিউমার্কেটগামী দ্রুতযান স্পেশাল সার্ভিসের একটি বাস (চট্টমেট্রো-জ-১১-০৪১৬) ট্যানারি বটতল এলাকায় আসার পর সেটি একটি রিক্সাকে চাপা দেয়।
এতে রিক্সার যাত্রীর ঘটনাস্থলেই করুণ মৃত্যু হয়। আহত হন রিক্সাচালক। এসময় রিক্সাযাত্রীর শরীর বাসের নিচে আটকা পড়ে।
বাস ফেলে চালক ও সহকারী দ্রুত পালিয়ে যান। বাসের নিচ থেকে রিক্সাযাত্রীকে উদ্ধার করতে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.ফখরুদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে রিক্সাযাত্রীর লাশ বাসের নিচ থেকে উদ্ধার করেন। তার মাথা এবং চেহারা পুরোপুরি থেতলে গেছে।
বায়েজিদ বোস্তামি থানার এএসআই রাজিব কান্তি দে জানান, চেহারা শনাক্ত না হওয়ায় নিহতের পরিচয় জানা যায়নি।
তবে তার হাতে একটি বাসের চাকা ছিল। এতে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি বাসের শ্রমিক ছিলেন।
লাশ উদ্ধার করে পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসটি রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন এএসআই রাজিব।
এআর





