নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ বলেছেন, কোনো ব্যক্তি বিশেষের প্রতি খেয়াল না রেখে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আচরণবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করা হয়েছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশও দেয়া হয়েছে। সেক্ষেত্রে কোনো ব্যক্তি বিশেষকে ছাড় দেয়া হবে না।
চট্টগ্রাম সিটির একটি অভিজাত হোটেলে নিয়মবহির্ভূতভাবে নির্বাচনী কৌশল নির্ধারণে বৈঠক করায় তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
এ বিষয়ে ইসির মতামত জানতে চাইলে শাহ নেওয়াজ বলেন, আচরণবিধি পালন করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা সুন্দরভাবেই প্রতিদিন ব্যবস্থা নিচ্ছেন। কোনো ব্যক্তি বিশেষের প্রতি খেয়াল না রেখে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের প্রতি সমানভাবে খেয়াল রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এসএইচ





