জেলার চকরিয়া উপজেলার বাইন্যারছড়া বাসস্টেশন থেকে সোমবার বিকেলে সাতটি অস্ত্রসহ মঈন উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঈন উদ্দিন মহেশখালী উপজেলার বড় মহেশখালীর ১নং ওয়ার্ডের শুকুরিয়াপাড়ার আবদুস শুক্কুরের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন দেওয়ান এ তথ্য জানান।

তিনি জানান, মহেশখালী থেকে অস্ত্র পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একদল সদস্য চকরিয়া উপজেলার বাইন্যারছড়া বাসস্টেশনে অবস্থান নেয়। বিকেল ৩টার দিকে এস আলম পরিবহনের একটি বাসে (চট্ট মেট্রো-১১-০৫২৩) তল্লাশি চালানো হয়। ওই সময় গাড়ির ভেতর থেকে একটি বড় প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটে দেশী তৈরি সাতটি অস্ত্র ও পাঁচটি তাজা কার্তুজ ছিল।

তিনি আরও জানান, ওই সময় গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়। চালক ও হেলপার তাৎক্ষণিক অস্ত্র পাচারকারীকে দেখিয়ে দেয়। পরে ডিবি পুলিশ মঈন উদ্দিনকে আটক করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জেআই