বিআরটিএ'র নির্ধারিত ভাড়া ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। যদি কেউ আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেছেন, ‘ঈদ এলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা দেখা যায়। অতিরিক্ত ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট এর মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।’
বুধবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে আয়োজিত বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে ডিএমপির মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
এ সময় তিনি আরো বলেন, ঈদ যাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কোনোভাবেই যেন মলম পার্টি, ছিনতাইকারীরা তৎপর হতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি না নামানোর আহ্বান জানান তিনি।
এ সময় তিনি জানান, মালিবাগে পুলিশের উপর কারা হামলা করেছে, কি উদ্দেশ্যে করেছে তা অচিরেই স্পষ্ট হবে।
এএস





