ওমান থেকে শুক্রবার দেশে ফিরে এসেছেন ৬৮ জন বাংলাদেশি। অবৈধভাবে ওমানে থাকার কারণে কয়েক মাস জেল খেটে তাঁরা দেশে ফেরত এসেছেন।

সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ওমানফেরত বাংলাদেশিরা। তাঁদের ভাষ্যমতে, একশোর বেশি বাংলাদেশি ফেরত এসেছেন।

তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, ৬৮ জন বাংলাদেশি ফিরে এসেছেন। চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে দেশটিতে থাকায় পুলিশ এই কর্মীদের গ্রেপ্তার করে। কয়েক মাস জেলে থাকার পর তাঁদের দেশে পাঠানো হয়।

ওমান থেকে ফেরত আসা ময়মনসিংহের খলিল রহমান জানান, ২০০৮ সালে তিনি ওমানে যান। ৪ বছর বৈধভাবে কাজ করেন। এরপর কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) নবায়ন করতে না পেরে ২ বছর অবৈধভাবে কাজ করছিলেন। তবে ৩ মাস আগে ওমান পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। পরে তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়।

ফেরত আসাদের কেউ কেউ অভিযোগ করেছেন, মালিকের গাফিলতির কারণে তাঁদের ফেরত আসতে হয়েছে।

কিশোরগঞ্জের সোহরাব হাসান বলেন, ২০১২ সালে চালক হিসেবে ওমান গেলেও পরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হন। বৈধভাবে কাজ করলেও মালিক তাঁকে চাকরিচ্যুত করেন।

ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ ইলিয়াছ অভিযোগ করেন, মালিক তাঁকে বেতন দিচ্ছিলেন না। বকেয়া টাকা চাওয়ায় তাঁকে পিটিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ