চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে রিভলবারসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ যাত্রীরা।
বুধবার সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভোলা জেলার এনামুল হকের ছেলে ইসমাইল হক (১৯) ও কিশোরগঞ্জ জেলার বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হক (১৮)।
লঞ্চের মালিকপক্ষের প্রতিনিধি বিপ্লব সরকার জানান, রাত সাড়ে ১১টায় চাঁদপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে আসে এমভি রফরফ লঞ্চটি। ভোরে চাঁদপুরের কাছে এলে লঞ্চের তিন তলার একটি কেবিনের সামনে ঘোরাঘুরি করছিলেন ওই দুই যুবক।
এতে সন্দেহ হওয়ায় কয়েকজন যাত্রী তাদের আটক করে। এসময় তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে একটি রিভলবার পাওয়া যায়। পরে সকাল সাড়ে ৭টার দিকে তাদের নৌ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
চাঁদপুর সদর নৌ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





