ভারতে পাচার কালে আন্তর্জাতিক বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে আজ বুধবার সকালে ১০ কেজি সোনার বার সহ ২ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা।

আটককৃতরা হচ্ছেন,শরিয়তপুর জেলার ঘোষের চর এলাকার জাহাংগীর খানের পুত্র মহসিন খান ও ঢাকা জেলার ধনিয়া থানার কেরানীগঞ্জ উপজেলার ইব্রাহিম আহমেদেও ছেলে ইলিয়াস আহমেদ। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টকে নিরাপদ রুট হিসেবে এরা পাসপোর্ট যোগে সোনা পাচার করে আসছিল দীর্ঘদিন ধরে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো: আব্দুস সাদেক জানান, ‘বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম কাস্টমস চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ভারতগামী পাসপোর্ট যাত্রী মহসিন খান ও ইলিয়াস আহমেদকে আটক করে।’

‘পরে তাদের দেহ তল্লাশী করে দেহে ফিটিং অবস্থায় বিশেষ কায়দায় লুকানো ১০ টি সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৫০ লাখ টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা জানান।

আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

জেড