রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
আজ (রোববার) সকালে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উপজেলার ভুবনপাড়া সীমান্তে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর বিএসএফ একটি লাশ নিয়ে যায়। নিহতরা হলেন- আবু নাশরাফ ও এরশাদুল মিঠু।
খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে এসেছে বলে জানিয়েছেন উপজেলার চার আশারিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সানাউল্লাহ মিয়া।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, গতকাল রাতে কয়েকজন বাংলাদেশির সঙ্গে নাশরাফ ও মিঠু ভারতে গরু আনতে যান। ফেরার পথে বিএসএফ তাঁদের পেছন থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। পরে বিএসএফ ১জনের লাশ নিয়ে যায়।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য বিজিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
এমবি





