জামালপুরের ইসলামপুরে পারিবারিক কলহের জের ধরে মায়ের পান করানো বিষে মৃত্যু হয়েছে মরিয়ম আক্তার (৫) নামের এক শিশুর। নিজেও বিষ পান করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে পুলিশী হেফাজতে রয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের হরিণধরা গ্রামের আকন্দ বাড়িতে।
জানা যায়, ওই গ্রামের মবেদ আলী ও স্ত্রী অবিরনের মধ্যে মঙ্গলবার গরুকে পানি খাইতে দেওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। এতে মবেদ আলী ওই রাতে আর ঘরে ফেরেননি। এদিকে রাগে-ক্ষোভে স্ত্রী অবিরন (২৭) মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘরে রাখা কীটনাশক প্রথমে পাঁচ বছরের শিশুকন্যা মরিয়মকে পান করান এবং পরে নিজে পান করেন। এতে মা-মেয়ে অসুস্থ হয়ে পড়ে।
ঘটনা জানাজানি হওয়ায় প্রতিবেশীরা তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে মা-মেয়েকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে শিশু মরিয়মের মৃত্যু হয়। মা অবিরন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান ও এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে বিষের বোতল ও বিষ পান করার গ্লাস উদ্ধার করেছে।
এমবি





