'বাংলাদেশে পিস টিভির সম্প্রচারসহ সকল প্রকার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার' আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে একথা জানালেন আমির হোসেন আমু। তিনি আরও বলেন বাংলাদেশে সম্প্রতি বেড়ে যাওয়া জঙ্গি তৎপরতায় জাকির নায়েকের অনুসারীদের জড়িত সন্দেহের ভিক্তিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এরইমধ্যে ভারতেও পিস টিভির সম্প্রচার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
পিস টিভিতে প্রচারিত ইসলামী অনুষ্ঠান নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের আলেম, ওলামাদের একটি বড় অংশ আপত্তি জানিয়ে আসছিল। তারা এটি বন্ধেরও দাবি জানিয়েছে। কিন্তু সরকার এতদিন কোনো সিদ্ধান্ত নেয়নি। সম্প্রতি গুলশানে জঙ্গি হামলাকারীরা জাকির নায়েকের অনুসারী ছিলেন এমন খবরের পর পরই আলোচনায় উঠে আসে জাকির নায়েক ও পিস টিভি।
চ্যানেল আইয়ের ইসলামী অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার পর তার অনুসারীরা পিস টিভি বন্ধের দাবি জানায়। সে সময় তারা অভিযোগ করে- পিস টিভিতে ইসলাম নিয়ে বিতর্কিত বক্তব্য এবং জঙ্গিবাদে উস্কানি দেওয়া হচ্ছে। পিস টিভির নেপথ্যে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবিও জানিয়েছিলেন তারা।
তবে ড. জাকির বরাবরই গণমাধ্যমে বলেছেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। কিছু স্বার্থান্বেষী মহল তার বক্তব্যকে নিজেদের ইচ্ছেমতো ব্যাখ্যা করেছে। তিনি বলেন, জঙ্গিবাদে আমার বক্তব্য প্রেরণা জোগায় নি।
জেড





