নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘হাজারীবাগে ট্যানারি মালিকদের জায়গা থাকলেও তারা এখানে ব্যবসা করতে পারবে না। ট্যানারির ব্যবসা করতে হলে তাদের সাভারে যেতেই হবে।’
বুধবার নৌপরিবহণ মন্ত্রণালয়ে নদী বন্দর রক্ষা সম্পর্কিত টাস্কফোর্স কমিটির ২৯তম সভা শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা ঠিক করেছিলাম ডিসেম্বরের মধ্যে ইটিপির নির্মাণ কাজ শেষ হবে। এখন পর্যন্ত ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। তাই ২০১৬ সালের জুলাইয়ে আমরা ট্যানারি শিল্প সরিয়ে নেয়ার সময় ঠিক করতে যাচ্ছি। শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করা হবে।’
এই নিয়ে চলতি বছরেই ৩ দফা সময় বাড়ানো হলো। এর আগে চলতি বছরের জুনের মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের নির্দেশনা ছিলো। তখন না হওয়া আবার সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ায়। এরপর আবার ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়।
এসএইচ





