লালমনিরহাটের হাতীবান্ধায় গত ১৩ আগষ্ট’র বন্যায় রেলপথ নষ্ট হয়ে সারা দেশের সাথে বন্ধ থাকে বুড়িমারী স্থল বন্দরের রেল যোগাযোগ। অবশেষে ১৬ দিন পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল থেকে লালমনিরহাট-বুড়িমারী স্থল বন্দর রেল রুটে রেল যোগাযোগ পুনরায় চালু হয়।

লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট বুড়িমারী রেলরুটের অনেক স্থানে রেল পথের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হয়ে লাইনের নিচে বড় বড় গর্ত তৈরী হয়।

বিশেষ করে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় রেল লাইনে প্রায় এক শত মিটার দীর্ঘ লাইনের মাটি ধ্বসে গর্ত তৈরী হওয়ায় এ রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পানি কমতে শুরু করলে স্থানীয়রা প্রথমে স্বেচ্ছাশ্রমে রেল লাইনের নিচের গর্ত ভরাটের কাজ শুরু করেন। পরে লালমনিরহাট রেলওয়ে প্রকৌশল বিভাগ অত্যান্ত পরিশ্রম করে মেরামত করতে সক্ষম হয়।

সোমবার সন্ধ্যায় মেরামত সম্পন্ন হলে পরীক্ষা মুলক ভাবে ট্রেন চালানো হয়। মঙ্গলবার সকাল ৮টায় লালমনিরহাট ছেড়ে যাওয়া বুড়িমারী গামী বুড়িমারী কমিউটার ট্রেনটির যাত্রার মধ্য দিয়ে এ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু করেছে বলে জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

 

সরকার/জেড